স্পিকার–ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা নির্ধারণে বৈঠকে বিএনপির সংসদীয় দল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১:১২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল। বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় কক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনের কার্যসূচির মধ্যেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন বিরোধী দল তাদের নেতা, উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপের নাম ঘোষণা করে। সেদিনই সরকারি দলের পক্ষ থেকে সংসদ নেতা নির্বাচন করা হলেও সংসদ উপনেতার পদটি এখনো শূন্য রয়েছে।

বিএনপির একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, বুধবারের বৈঠকে সংসদ উপনেতা নির্বাচনের পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার পদে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, এসব গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় রয়েছে।

ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজন সদস্যকে মনোনয়নের বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেও বিরোধী দল জামায়াতে ইসলামী এ প্রস্তাবে এখনো সাড়া দেয়নি। সে ক্ষেত্রে করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, গণভোটে পাস হওয়া ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—উভয় ক্ষেত্রেই ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের প্রাপ্য। তাঁর দাবি, বিএনপি এ বিষয়ে এখনো লিখিত কোনো প্রস্তাব দেয়নি; কেবল মৌখিকভাবে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে।