দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অস্থিরতা ও কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। এই নতুন সংসদকে দেশের নীতিনির্ধারণ ও জাতীয় সমস্যার সমাধানের প্রধান মঞ্চ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে সংসদ হবে যুক্তি, বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু।
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করেন। তিনি বলেন, “অসংখ্য মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি। যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সংগ্রামই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করেছে।”
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংসদীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে তিনি খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, “জনগণই যদি রাজনৈতিক দল হয়, তবে আমি সেই দলেই আছি।” তার মতে, ব্যক্তি বা দলের চেয়ে জনগণের স্বার্থই রাষ্ট্রনীতির মূল ভিত্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, যদিও তিনি একটি দলের প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সমগ্র দেশের মানুষের প্রতিনিধিত্ব করা। ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকলেও একটি সার্বভৌম, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সব রাজনৈতিক শক্তির একসঙ্গে কাজ করা প্রয়োজন।
এ অবস্থায় সংসদের কার্যক্রম শুরু করার প্রসঙ্গে তিনি ১৯৭৩ সালের একটি উদাহরণ তুলে ধরেন, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের জন্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। একই ধারাবাহিকতায় প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বর্তমান অধিবেশনের সূচনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :