অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তার মিডিয়া টিমের এক কর্মকর্তা জানান, পানি পান করার সময় তিনি সাময়িকভাবে জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।