জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, আদেশ কার্যকর অবিলম্বে

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রবিবার (২৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের এসব জেলায় ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা এবং অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীতে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।