জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় আংশিক পরিবর্তনের কথা ভাবছে সরকার। স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বিত পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কা থেকেই বিকল্প শিক্ষাপদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই পরিকল্পনার আওতায় আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, প্রস্তাবিত ব্যবস্থায় সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন সশরীরে ক্লাস এবং বাকি সময় অনলাইনে পাঠদান চালু থাকতে পারে। সাম্প্রতিক ছুটি ও বিভিন্ন কারণে পাঠঘণ্টার ঘাটতি পূরণে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ অভিভাবক ও শিক্ষার্থী অনলাইন শিক্ষাকে সমর্থন করছেন। তবে পুরোপুরি অনলাইন ব্যবস্থায় গেলে সামাজিক ও মানসিক বিচ্ছিন্নতার ঝুঁকি থাকতে পারে বলেও সরকার মনে করছে।
আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আপনার মতামত লিখুন :