হারিনি, কেন পদত্যাগ করব; প্রশ্ন মমতার


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি নির্বাচনী পরাজয়ও মানতে রাজি নন বলে জানিয়েছেন।

মঙ্গলবার কলকাতার কালীঘাটের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা বলেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।” তিনি নিজেকে ‘ফ্রি বার্ড’ বা মুক্ত মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, এতদিন দায়িত্বে থেকে অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন অন্যায়ের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নামবেন।

মমতা আরও বলেন, “আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব। সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।” তার এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এদিকে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন নেতা তার সঙ্গে যোগাযোগ করে সমর্থন জানিয়েছেন বলে জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, জোটকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তার প্রতি সমর্থন জানিয়ে ফোন করেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব ও হেমন্ত সোরেনসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। নিয়ম অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রীর রাজভবনে গিয়ে পদত্যাগ করার কথা থাকলেও মমতার এই অবস্থান রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।