হরমুজ ইস্যুতে ট্রাম্পের ‘মুখ বাঁচানোর’ চেষ্টা: ইরানি বিশ্লেষক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

বল প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক। তার দাবি, এর মাধ্যমে ট্রাম্প মূলত নিজের ‘মুখ রক্ষা’ করার চেষ্টা করছেন।

ইরানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস-এর বিশ্লেষক আলি আকবর দারেইনি আল-জাজিরাকে বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।

দারেইনি বলেন, “চীন সফরের আগে ট্রাম্প বড় ধরনের কোনো সাফল্য দেখাতে চেয়েছিলেন। কিন্তু বল প্রয়োগ করে তিনি হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হয়েছেন।”

তার ভাষ্য, “ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলপন্থি লবিস্টরা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিল, সামরিক চাপ প্রয়োগ করলে ইরান পিছু হটবে। কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।”

সৌদি আরবের আপত্তিতে স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে সম্প্রতি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন ট্রাম্প। তবে ঘোষণার মাত্র দুদিনের মাথায় অভিযান স্থগিতের কথা জানান তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় অভিযান বাস্তবায়ন সম্ভব হয়নি।

প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, ট্রাম্পের ঘোষণায় সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্প আলোচনা করলেও এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান অবস্থান নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সরাসরি সংঘাতে না গিয়ে এখন উভয় পক্ষই কৌশলগত চাপ ও কূটনৈতিক বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।