ঢাকা, ১৪ মে ২০২৬: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
১১ মে থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত ৭টি কর্মদিবসব্যাপী চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ ৫০টি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য গৃহীত বিশেষ সেবামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সেবা কার্যক্রমে যা থাকছে:
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা দ্রুততার সঙ্গে প্রদান করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
বেতন নির্ধারণ ও পেনশন সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সহায়তা।
সাধারণ ভবিষ্য তহবিল (GPF) ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের নিষ্পত্তি।
পেনশনারদের লাইফ ভেরিফিকেশন এবং এ সম্পর্কিত অ্যাপস সম্পর্কে অবহিতকরণ।
টিএ/ডিএ, কম্যুটেশন বিল এবং নিট এনটাইটেলমেন্ট কেস (NE Case) নিষ্পত্তি।
ওয়ানস্টপ সার্ভিস সেন্টার ও হেল্পডেস্কের মাধ্যমে ওয়ান-পয়েন্ট সমাধান।
মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর গুরুত্বারোপ
পরিদর্শনকালে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম পারিবারিক পেনশন ও পুনঃস্থাপিত পেনশনের পাশাপাশি প্রতিবন্ধী সন্তানদের প্রাপ্যতার বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে”।
মাঠ পর্যায়ে সেবার চিত্র
সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ সেবা কার্যক্রম ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয়সহ মোট ৪৯৫টি উপজেলা ও বিভিন্ন সেনানিবাসে অবস্থিত হিসাব অফিসগুলোতে একযোগে পরিচালিত হচ্ছে। পরিদর্শনকালে সেবাগ্রহীতা ও পেনশনারগণ তাৎক্ষণিক এবং আন্তরিক সেবা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে সিএজি’র সঙ্গে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) জনাব মোঃ শরীফুল ইসলাম এবং ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (এএন্ডআর) জনাব মিয়াজী মোঃ সাইফুল্লাহ সোবহানসহ সংশ্লিষ্ট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সিএজি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবা প্রদানের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :