পটুয়াখালীর বাউফলে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে রবিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও দুই ছেলেকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে।
আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন হাওলাদার ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন, তার স্ত্রী ঠাকুর রানী হাওলাদার (৪৫), ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪)।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে বাড়ির উঠানে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় পানি নিষ্কাশনের জন্য একই বাড়ির সাতটি পরিবারের সদস্যরা আলোচনা করে একটি প্লাষ্টিকের পাইপ স্থাপনের সিদ্ধান্ত নেন। পাইপ কেনা ও স্থাপনের ব্যয় সাতটি পরিবার যৌথভাবে বহন করার কথা থাকলেও এ বিষয়ে আপত্তি জানায় একই বাড়ির আনন্দ ব্যাপারী পরিবার।
এ নিয়ে বুধবার সকালে রবিন হাওলাদার ও আনন্দ ব্যাপরী মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে রতন ব্যাপারী নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
রবিনকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তার স্ত্রী ও দুই ছেলেকেও বেধড়ক মারধর করে। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আনন্দ ব্যাপরী (৬০) তার স্ত্রী কুসুম ব্যাপরী (৫০) ছেলে রতন ব্যাপরী (৩২) ও প্রদীপ ব্যাপরী (২৭) সুমন্ত ব্যাপারী (৬৫) ও তার ছেলে সুজন ব্যাপরী (২৬)
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হৃদয় হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। প্রধান আসামীসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :