রাজধানীর রামপুরায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলাশ পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা ইউনুস খানের ছেলে। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন কারাভোগের পর প্রায় এক মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে নিজ বাসার নিচে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় তাকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে হামলাকারীরা পরপর গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় একটি গুলি তার মাথায় লাগে, ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত এক সপ্তাহ ধরে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :