কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিকবাহী পিকআপ ভ্যানটি কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িতে থাকা ছয়জনেরই মৃত্যু হয়।

বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী সংগঠনগুলোর সহায়তায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কাতারে অবস্থানরত জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।