ফুটবল রাজা মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে

বিশ্বকাপের ইতিহাসে নতুন রাজত্ব, অনন্য উচ্চতায় লিওনেল মেসি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে একটি পেনাল্টি মিস করেও জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করা হয়েছে কি না, তা নিয়ে ভিএআরের সহায়তা নেন রেফারি। রিপ্লে দেখে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।

নবম মিনিটে স্পট কিক নিতে এসে সবাইকে অবাক করে দেন মেসি। তার নেওয়া শট পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে চলে যায়। ফলে বিশ্বকাপে আরেকটি পেনাল্টি মিসের তিক্ত অভিজ্ঞতা যোগ হয় তার ক্যারিয়ারে।

তবে পেনাল্টি মিসে ভেঙে পড়েননি আর্জেন্টাইন অধিনায়ক। বরং আক্রমণের ধার আরও বাড়ান তিনি। ১৯তম মিনিটে তার একটি শট দুর্দান্তভাবে রুখে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।

অস্ট্রিয়াও পাল্টা আক্রমণে কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি।

অবশেষে ৩৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার পাস থেকে ফাকুন্দো মেদিনা বল বাড়িয়ে দেন মেসির দিকে। বক্সের প্রান্ত থেকে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলরক্ষক শ্লাগারের কিছুই করার ছিল না।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন মেসি। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে (১৬ গোল) ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচ তুলনামূলকভাবে ধীরগতির হলেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা চালালেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল যথেষ্ট দৃঢ়।

ম্যাচ যখন শেষের পথে, তখন আবারও জ্বলে ওঠেন মেসি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে অস্ট্রিয়ার রক্ষণভাগ ভেঙে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। তার এই চোখধাঁধানো গোল নিশ্চিত করে আর্জেন্টিনার জয় এবং নকআউট পর্বে উত্তরণ।

পেনাল্টি মিস করেও জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন মেসি। তার নেতৃত্বে টানা শক্তিশালী পারফরম্যান্সে শিরোপা অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ফল

আর্জেন্টিনা ২-০ অস্ট্রিয়া

গোলদাতা
লিওনেল মেসি (৩৮’, ৯০+৫’)