বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, শি-তারেক বৈঠকে নতুন উদ্যোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক (ইকোনোমিক) করিডোর গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সম্ভাব্য এই করিডোরকে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এক ব্রিফিংয়ে জানান, প্রস্তাবিত করিডোরের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন সম্প্রসারণ এবং মাল্টি-মোডাল পরিবহন ব্যবস্থা আরও কার্যকর করা।

তিনি বলেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর গড়ে উঠলে আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে।

স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এর আগে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচিতেও অংশ নেন। নির্ধারিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।