বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কঠিন এক লড়াই পেরিয়ে নকআউটে উঠলেও এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত ছন্দে নকআউটে ওঠা স্প্যানিশদের বিপক্ষে জয় পেতে হলে রবার্তো মার্তিনেজের দলকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।
দুই প্রতিবেশী দেশের এই হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় শেষ ষোলোর লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।
স্পেনকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ রয়েছে পর্তুগালের। শেষ ষোলোর আরেক ম্যাচে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে তারা। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুলাই।
অন্যদিকে, সেমিফাইনালে উঠতে পারলে পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, কানাডা, মরক্কো অথবা প্যারাগুয়ে। তবে সেই সমীকরণে যাওয়ার আগে স্পেনকে হারানোর কঠিন চ্যালেঞ্জই এখন পর্তুগালের মূল লক্ষ্য।
গ্রুপপর্বে শীর্ষস্থান নিশ্চিত করতে না পারায় কঠিন নকআউট পথ পাড়ি দিতে হচ্ছে রোনালদোদের। কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তুলনামূলক সহজ ড্র পেতে পারত তারা। কিন্তু গোলশূন্য ড্রয়ের কারণে রানার্সআপ হিসেবেই নকআউটে উঠতে হয়েছে, যার ফলেই শুরুতেই স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :