হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের দুর্দান্ত নৈপুণ্যে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে প্যাট্রিক বার্গের গোলটি বাতিল হয়।

১০ মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্সে ম্যাথিউস কুনহাকে ফাউলের পর ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। কিন্তু ব্রুনো গিমারায়েসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

প্রথমার্ধে কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে কুনহার পরিবর্তে এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন এই তরুণ ফরোয়ার্ড।

এরপর ৭৯তম মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। বাম প্রান্ত থেকে অস্কার ববের বাড়ানো নিখুঁত ক্রসে গ্যাব্রিয়েল মাগালিয়েসকে হারিয়ে দুর্দান্ত হেডে বল জালে পাঠান আর্লিং হালান্ড। কোনো সুযোগই পাননি গোলরক্ষক অ্যালিসন বেকার।

নির্ধারিত সময়ের শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের ব্যবধান ২-০ করেন হালান্ড। এটি ছিল চলতি বিশ্বকাপে তার ষষ্ঠ গোল।

যোগ করা সময়ে ব্রাজিল একটি পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। আর ব্রাজিলকে অপেক্ষা করতে হবে আরও চার বছর, বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণের জন্য।