স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো ২৩ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, আলমেরিয়া উপকূলের লস গালার্দোস এলাকার কাছে শুরু হওয়া এই দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন জরুরি সেবাকর্মী কাজ করছেন। আগুনের ঝুঁকিতে থাকা একাধিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ ২৩ জনের সন্ধানে তল্লাশি চলছে।
লস গালার্দোসের মেয়র ফ্রান্সিসকো রেয়েস জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় আলমোকাইসার ও তেরমিনার দে ভেদাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের অবস্থান থাকা একটি ক্যাম্পসাইটও খালি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে একাধিক দাবানল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বৃদ্ধি পাওয়ায় দাবানলের ঝুঁকি ও তীব্রতা আগের তুলনায় অনেক বেড়েছে।
আপনার মতামত লিখুন :