‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’—সেমিফাইনালের আগে জো কোলের হুংকার


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণের আগে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। এক টিভি আলোচনায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মেসিকে ঘুম পাড়িয়ে দেব।
হ্যাঁ, শতভাগ।” তার এই মন্তব্য মূলত ইংল্যান্ডের রক্ষণভাগ লিওনেল মেসিকে কার্যকরভাবে আটকে রাখতে পারবে—এই বিশ্বাসেরই রূপক প্রকাশ।

নেটফ্লিক্স স্পোর্টসের আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে কথা বলার সময় কোল আরও বলেন, “আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব।”

তবে অনুষ্ঠানের অন্য বিশ্লেষকরা কোলকে সতর্ক করেন। তাদের মতে, মেসি যদি সেমিফাইনালে নিজের সেরা খেলাটা খেলেন, তাহলে এই মন্তব্য পরে কোলের জন্য অস্বস্তিকর হতে পারে।

সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস আর্জেন্টিনাকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানো সহজ হবে না। তবে ইংল্যান্ডের গতিময় ফুটবলই পার্থক্য গড়ে দিতে পারে বলে তার বিশ্বাস।

মজার বিষয় হলো, জো কোল দীর্ঘদিন ধরেই লিওনেল মেসির একজন প্রকাশ্য প্রশংসক। অতীতে মেসি-রোনালদো বিতর্কে তিনি একাধিকবার মেসিকেই সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন। একবার তিনি বলেছিলেন, “মেসিই একমাত্র খেলোয়াড়, যে সবকিছু অর্জন করেছে। সে নিশ্চিন্তে ঘুমাতে পারে।”

অন্যদিকে, ইংল্যান্ডের আরেক সাবেক তারকা গ্যারি নেভিল আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ সম্পর্কে মন্তব্য করে বলেন, তারা একই ম্যাচে কখনও অসাধারণ, আবার কখনও অপ্রত্যাশিত ভুল করে বসেন। মজার ছলে তিনি এই জুটিকে “বিশ্বের সেরা-খারাপ সেন্টারব্যাক জুটি” বলেও অভিহিত করেন।

সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে দুই দেশের সাবেক ফুটবলারদের মন্তব্যে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে গেছে। মাঠের লড়াইয়ে এসব কথার জবাব দেবেন খেলোয়াড়রাই।