পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২.১০ মিটার, যা বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপদসীমা ধরা হয়েছে ৫২.১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের পানি পরিমাপক নুরুল ইসলাম জানিয়েছেন, সকাল ৬টা এবং সকাল ৯টা—উভয় সময়েই পানির উচ্চতা একই পর্যায়ে ছিল। তবে উজানের ঢল অব্যাহত থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যারাজের নিরাপত্তা নিশ্চিত থাকে।

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারতীয় উজানের প্রবাহ অব্যাহত থাকায় তিস্তার পানি আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নদীর পানি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে।