বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।

রোববার (২৬ জুলাই) রাতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্নিগ্ধা দাবি করেন, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের প্রত্যাশায় খিলক্ষেত থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত অভিনেতা ইমন পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই পরিচয় স্বীকার করার ইঙ্গিত দেন।

স্নিগ্ধার দাবি, জেবা তাকিয়া নামে ওই নারী চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। তাকে সেই ব্যক্তি মনে করেই মারধর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, নির্যাতনের সময় তার হাত-পা বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, তাকে চুল ধরে টানা, গলা চেপে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা হয়, যার ফলে তিনি আহত হন।

স্নিগ্ধা জানান, হামলার সময় তিনি অভিযুক্তকে থামতে অনুরোধ করলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে তিনি চিকিৎসা নেন এবং আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা করেন।

২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।