১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর অল্প সময়ের জন্য দেশে ফিরছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে শারীরিক অবস্থার কারণে আবারও চিকিৎসার জন্য তাকে লন্ডনে ফিরে যেতে হবে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকালে জামাতা আরিফুল ইসলাম কলিন্সকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী ১৫ আগস্ট লন্ডনে তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সময় নির্ধারিত রয়েছে। সে কারণে ১৪ আগস্টের আগেই তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে।

জানা গেছে, ব্রেন টিউমারের চিকিৎসায় এখন পর্যন্ত ইলিয়াস কাঞ্চনকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রভাবে তার শারীরিক পরিবর্তনও স্পষ্ট হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে তাকে সাদা চুল ও দাড়িতে দেখা যায়।

পরিবারের সদস্য লিটন এরশাদ জানান, চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। তবে ইলিয়াস কাঞ্চনের ইচ্ছাতেই কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হচ্ছে।

গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান এই একুশে পদকপ্রাপ্ত অভিনেতা। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হলেও শারীরিক জটিলতার কারণে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছে।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন **‘বেদের মেয়ে জোছনা’**সহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক অর্জন করেছেন।