৯ মামলাতেই জামিন পেলেন খায়রুল হক, কারামুক্তিতে আর বাধা নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯টি মামলাতেই জামিন পেয়েছেন। ফলে কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর বনানী থানায় হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা পারভীন শান্তা।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ২০২৫ সালের ২৫ নভেম্বর বনানীতে হত্যা চেষ্টার অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি করা হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে সোমবার আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

তিনি বলেন, এই জামিনের মধ্য দিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা ৯টি মামলার সবকটিতেই জামিন হয়েছে। ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে রোববার সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

খায়রুল হকের ছেলে আইনজীবী আশিক উল হক গত ১৩ মে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাঁর বাবাকে গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া তাঁকে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় তিনি কারাগারে ছিলেন।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ বনানী থানার মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা ৯টি মামলার সবকটিতেই জামিন নিশ্চিত হয়েছে।