পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

চেয়ারম্যানের একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান জানান, অধ্যাপক মোবাশ্বের মোনেম বর্তমানে বিশ্রামে রয়েছেন।

২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপক।

এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। এরপর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।