এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। বুধবার (১৯ আগস্ট) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী দেশি-বিদেশি ব্যাংকিং অঙ্গনে নেতৃত্ব, কৌশলগত ব্যবস্থাপনা, ব্যবসায়িক রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে অভিজ্ঞ হিসেবে পরিচিত।
ন্যাশনাল ব্যাংক থেকে এবি ব্যাংকে
এবি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যাংকটি আমানতকারীদের আস্থা পুনর্গঠন এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতি অর্জন করে। একই সময়ে টেমেনোস কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন এবং তথ্য নিরাপত্তায় ISO 27001:2022 সনদ অর্জনের মাধ্যমে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হয়।
এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। সেখানে মূলধন শক্তিশালীকরণসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিক ব্যাংকিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা
দেশের বাইরে ১৫ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে কাজ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকির অভিজ্ঞতা রয়েছে তার।
দেশে কর্মজীবনের শুরুতে তিনি ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কাজ করেন। পরবর্তীতে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন।
আপনার মতামত লিখুন :