চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যে কারণে রিমান্ড চেয়েছিল সিআইডি
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা কয়েকটি কারণ উল্লেখ করেন। এর মধ্যে বলা হয়, সালমান শাহের মৃত্যুর ঘটনা দীর্ঘদিন ধরে আলোচিত এবং চাঞ্চল্যকর। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ ছাড়া ডনের কাছ থেকে তথ্য নিয়ে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে এবং কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
বিমানবন্দর থেকে গ্রেপ্তার
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিনই কারাগারে পাঠানো হয়।
১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন করা হলে তা নাকচ হয়। এরপর ২৫ আগস্ট ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১-এর আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
কীভাবে হত্যা মামলা হলো
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছিলেন।
পরবর্তীতে ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে সিআইডি। একই বছরের ৩ নভেম্বর দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করেন।
তবে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমানের বাবা রিভিশন মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলাটি করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :