তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প, বন্যার পর নতুন উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প, বন্যার পর নতুন উদ্বেগ

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ধকল কাটতে না কাটতেই চীনের তিব্বত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র নেপাল ও চীনের যেসব অঞ্চল সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকার কয়েক শ মাইল উত্তরে অবস্থিত।

বন্যার পর ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ

ভূমিকম্পের পাশাপাশি তিব্বতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একটি প্রাকৃতিক ‘ব্যারিয়ার লেক’ নিয়ে। ভূমিধসের ফলে তৈরি হওয়া ওই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি মোকাবিলায় চীন চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা বা ‘ফ্লাড রেসপন্স’ চালু করেছে। দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষকে হ্রদের পানির স্তর ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

নেপালের বন্যা পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা

এর আগে নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটে। ওই দুর্যোগের পর নতুন করে ভূমিকম্প এবং সম্ভাব্য হ্রদভাঙনের আশঙ্কা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তবে সর্বশেষ পাওয়া তথ্যে ৫ মাত্রার এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।