দেশের রক্তসংকট পুরোপুরি মেটাতে তরুণ সমাজই সবচেয়ে বড় শক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি জানান, দেশের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশই তরুণ। এই তরুণরা যদি বছরে অন্তত একবার নিয়মিত রক্তদান করে, তবে বাংলাদেশে কখনোই রক্তের অভাব হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ এবং ৫০ বার রক্ত দান করেছেন এমন তিন শতাধিক রক্তদাতাকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দিয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য আরও বলেন, স্বেচ্ছা রক্তদাতারা মূলত মানবিক বাংলাদেশ নির্মাণের পথপ্রদর্শক। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ধরনের সম্মাননা আয়োজন নতুন চিন্তার এক বিশেষ উপলক্ষ তৈরি করে। রক্তদাতাদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেম শুধু আবেগ বা স্লোগানের বিষয় নয়; নিজের কাজ সততার সঙ্গে করা এবং দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো দেশপ্রেমের বাস্তব প্রকাশ।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান। অনুষ্ঠানে রক্তদানের নিজস্ব অভিজ্ঞতা ও মানবিক অনুভূতির কথা তুলে ধরেন ৫১ বারের প্লাটিনাম রক্তদাতা কাজী হাসান আলী এবং ২৬ বারের গোল্ডেন রক্তদাতা রেজেকা সুলতানা। এছাড়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মাসুমা হোসেন তন্নী রক্তদাতাদের প্রতি তাঁর কৃতজ্ঞতার কথা জানান।
অনুষ্ঠানে বক্তারা কোয়ান্টাম ল্যাবের দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। সাড়ে পাঁচ লক্ষাধিক ডোনার পুল নিয়ে ২০০০ সাল থেকে শুরু করে আগস্ট ২০২৬ পর্যন্ত কোয়ান্টাম ল্যাব ১৮ লক্ষাধিক মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রক্ত ও রক্তের উপাদান সরবরাহ করেছে। ল্যাবের পরিসংখ্যান অনুযায়ী, ৫০ বা তার বেশি বার রক্ত দেওয়া প্লাটিনাম দাতার সংখ্যা ১৯৬ জন এবং ২৫ থেকে ৪৯ বার রক্ত দেওয়া গোল্ডেন ডোনার রয়েছেন ৩,১৩৮ জন। এছাড়া ১০ থেকে ২৪ বার রক্ত দিয়ে সিলভার ডোনার হয়েছেন ১৩,০৮৩ জন এবং কমপক্ষে ৩ বার রক্ত দান করা লাইফ লং ডোনারের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে।
অনুষ্ঠান শেষে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সাথে দেশের রক্তের সার্বিক চাহিদা শতভাগ পূরণ করতে তরুণ প্রজন্মকে বেশি করে এই মানবিক সেবায় এগিয়ে আসার জোর আহ্বান জানান আয়োজকরা।
আপনার মতামত লিখুন :