ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়।

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন।

কোন বিভাগে কত রোগী

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩১৪ জন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছয় মৃত্যু রাজশাহী বিভাগে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনই রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। তাঁদের বয়স ৫ থেকে ৪০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো নারী বা মেয়ে শিশুর মৃত্যু হয়নি।