জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে ৩৫ জন থাকছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র সচিব জানান, এবারের সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
সফরসঙ্গীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম জানান, প্রতিনিধি দলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রয়েছেন। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামও সফরসঙ্গী হিসেবে থাকছেন।
সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।
প্রতিনিধি দলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সফররত প্রতিনিধিদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়িত্বও রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নিয়মিতভাবে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালন এবং প্রধানমন্ত্রীর এবারের অধিবেশনে অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এবারের সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন।
আপনার মতামত লিখুন :