জ্বালানির দাম বাড়ায় প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার বাড়তে যাচ্ছে বাসভাড়া। নতুন জ্বালানি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৈঠকে পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাস মালিক-শ্রমিক প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে মূলত জ্বালানি তেলের নতুন দামের প্রভাব বিবেচনায় নিয়ে বাস ও গণপরিবহনের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবহণ মালিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাবও তুলে ধরা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসভাড়া কী হারে সমন্বয় করা যেতে পারে, সে বিষয়ে আগের একটি প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, “জ্বালানির দাম কত শতাংশ বাড়লে ভাড়া কেমন বৃদ্ধি করা যাবে, এমন প্রস্তাবনা আগে থেকেই আছে। সেইসঙ্গে আমাদের কিছু চাওয়া-পাওয়া আজকের বৈঠকে তুলে ধরব। দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়।”

মালিক সমিতির পক্ষ থেকে বৈঠকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে। তবে চূড়ান্তভাবে ভাড়া কত বাড়বে, সে সিদ্ধান্ত বিআরটিএর বৈঠক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পরই নির্ধারিত হবে।

এর আগে রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর বাস পরিচালনার ব্যয় বাড়বে বলে দাবি করছেন পরিবহণ মালিকরা। এর প্রভাব যাত্রীভাড়ায় কতটা পড়বে, তা এখন নির্ভর করছে বিআরটিএর বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ওপর।