কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা গাড়িবহরেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় আখড়াবাড়ি পরিদর্শন শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় যাওয়ার পর সন্ধ্যায় লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে ফেরার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কয়েকজন যুবকের নেতৃত্বে তার ও তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। একই সময়ে তাদের গাড়িবহরেও ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সল মাহমুদ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি দেখছেন। তারা বিস্তারিত জানালে ঘটনার বিষয়ে বলা যাবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।

এ ঘটনায় হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।