২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’। ফাইনালে দলের অস্বাভাবিক নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
তাঁর দাবি, ফাইনালে অস্বাভাবিক কিছু ঘটেনি; বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চটা দিয়েছিল।
আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে বুধবার ভোরে বেনিনের বিপক্ষে মাঠে নামেন মেসি। বিদায়ী ম্যাচে দলকে ৩-০ গোলের জয় এনে দিতে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি।
এর আগে প্রায় তিন মাস আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই আর্জেন্টিনায় নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। ১২০ মিনিটের ম্যাচে স্পেনের আধিপত্যের মধ্যেও আর্জেন্টিনার খেলোয়াড়দের শান্ত ও নিষ্প্রভ উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কিছু সমর্থক। এমনকি ফাইনালের আগে বা ম্যাচ চলাকালে কোনো অজানা কারণে আর্জেন্টিনার খেলোয়াড়েরা প্রভাবিত হয়েছিলেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়।
বিদায়ী বক্তব্যে এসব জল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে তাঁর বক্তব্য, ‘শেষ বিশ্বকাপটা খুবই আবেগপূর্ণ ছিল। আমরা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং প্রায় সেটি অর্জন করেও ফেলেছিলাম। কিন্তু কেউ কেউ যা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম।’
ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালও দলের ওপর বড় ধরনের শারীরিক ও মানসিক চাপ ফেলেছিল বলে জানান মেসি। তাঁর ভাষায়, ‘মূলত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই আমাদের শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিঃশেষ করে দিয়েছিল। আমরা কোনোমতে সেই ধকল সামলে উঠি।’
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে যত আলোচনা ও জল্পনাই থাকুক, মেসির বক্তব্যে অন্তত একটি বিষয় পরিষ্কার—ফাইনালে দলের ব্যর্থতার পেছনে কোনো গোপন ঘটনা বা ষড়যন্ত্রের অস্তিত্ব তিনি দেখছেন না। তাঁর মতে, শিরোপা ধরে রাখার জন্য আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই লড়াই করেছিল।
আর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে গোল ও দুটি অ্যাসিস্ট করে মেসি যেন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজের শেষ অধ্যায়টিও লিখলেন নিজের মতো করেই।
আপনার মতামত লিখুন :