ভারতের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর নানা পাটেকরকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা দীর্ঘ সময় ধরে সিপিআরসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নানা পাটেকর ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘আব তক ছাপ্পান’ ও ‘যশোবন্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)–এর মতো সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
তবে নানা পাটেকরের জনপ্রিয়তার আরেকটি বড় দিক ছিল কমেডি চরিত্রে তার অভিনয়। ‘ওয়েলকাম’ (২০০৭) সিনেমায় গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’-এও তিনি একই চরিত্রে অভিনয় করেন। ‘হাউসফুল ৫’ সিনেমাতেও তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেছে।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন নানা পাটেকর। এ সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন পান। ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি পরিচালক ও গায়ক হিসেবেও কাজ করেছেন নানা পাটেকর। ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ দিয়ে পরিচালনায় অভিষেকের পাশাপাশি ‘যশোবন্ত’, ‘ওয়াজুদ’ ও ‘আঁচ’ সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
সিনেমার বাইরে কৃষক ও গ্রামীণ মানুষের জন্য সামাজিক কাজেও যুক্ত ছিলেন নানা পাটেকর। ২০১৫ সালে অভিনেতা মকরন্দ আনাসপুরের সঙ্গে তিনি ‘নাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা কৃষক ও খরাপ্রবণ এলাকার মানুষের সহায়তায় কাজ করে। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার মতামত লিখুন :