১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায় আগামী ১৫ বছর এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

এর আগে গত ১ অক্টোবর এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। এরপর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পরিচালনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে যায়।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

তবে শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলো। সংশ্লিষ্টদের মতে, আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে বেশি সময় লাগায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।

বন্দরের কার্যক্রমে গতি আনা, কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং সেবার মান উন্নত করার লক্ষ্যেই এনসিটি বিদেশি অপারেটরের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।