সৌদি আরবের বিধিনিষেধে ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক বিমান চলাচলেও। গত শনিবার রাত থেকে সোমবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভ্রমণ অনিশ্চয়তায় পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।

সোমবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, প্রভাবিত ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ১২টি এবং ট্রানজিট রুটের ৩৯টি ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট রুটে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

বেবিচকের সর্বশেষ তথ্য বলছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রমসংক্রান্ত বিধিনিষেধের প্রভাব সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটেও ছড়িয়ে পড়েছে। ফলে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটের মাধ্যমে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ এবং যাত্রার আগে নির্ধারিত সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।