জাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধ ও রাজনৈতিক দলের হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তাজউদ্দীন আহমদ হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের সব হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা ‘হল পলিটিকস নো মোর’, ‘গেস্টরুমের কালো হাত ভেঙে দাও’স্বরূপ স্লোগান দিতে দিতে মিছিল করে। বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিব বলেন, “হলে রাজনীতি ফিরলে গেস্টরুম, গণরুমসহ নানা অনিয়ম ফিরে আসবে। আমরা শান্তিপূর্ণ আবাসিক পরিবেশ চাই।” ইতিহাস বিভাগের শাকিল আহমেদ যোগ করেন, “অতীতে হলভিত্তিক রাজনীতির নামে যা হয়েছে, তা যেন আর না হয়।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে নিয়ে আগামী একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে।” উল্লেখ্য, গত কয়েক বছর ধরে জাবির হলগুলোতে আনুষ্ঠানিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি কিছু হল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।