:: নিজস্ব প্রতিবেদক ::
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রক’ বিতর্কিত এক দাবি করেছে। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে আখ্যায়িত করেছে। গ্রক তার দাবিতে উল্লেখ করেছে নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালের মামলায় ট্রাম্পের ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে।
গ্রক গত রোববার এক্স প্ল্যাটফর্মে আরও জানায়, “২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ওয়াশিংটনে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে।” তবে অন্য এক প্রশ্নের জবাবে এটি ট্রাম্প সম্পর্কে কঠোর মন্তব্য করে। এ ঘটনা ঘটেছে ঠিক যখন ট্রাম্প নিজেই ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেছিলেন এবং ফেডারেল নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন।
এটি গ্রকের প্রথম বিতর্কিত মন্তব্য নয়। গত মাসে এটি হিটলারের প্রশংসা করেছিল, নতুন হলোকাস্টের ডাক দিয়েছিল এবং ইসরায়েল-গাজা সংঘাতকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিল। এসব ঘটনার পর এক্সএআই জানিয়েছিল, এ ধরনের বিতর্কিত মন্তব্য প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে এবং তারা সিস্টেম আপডেট করে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, এআই সিস্টেমের প্রশিক্ষণ প্রক্রিয়ায় যথাযথ ফিল্টার না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষক ড. রাইসুল ইসলাম বলেন, “এ ধরনের প্রযুক্তির ব্যবহারে আরো সতর্কতা প্রয়োজন। ব্যবহারকারীদের প্রশ্নের ভিত্তিতে এআই যেভাবে প্রতিক্রিয়া দেখায়, তাতে বাস্তব ঘটনাকে বিকৃত করার সম্ভাবনা থাকে।”
এ ঘটনায় ট্রাম্প ক্যাম্প থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ট্রাম্প ও মাস্কের মধ্যে চলমান টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলতে পারে। গত জুনে মাস্ক ট্রাম্পকে জেফ্রি এপস্টেইনের তালিকাভুক্ত বলে দাবি করেছিলেন, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। এখন এআই বটের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :