:: নিজস্ব প্রতিবেদক ::
সিলেট, ১৪ আগস্ট : সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত সাদাপাথর পর্যটনকেন্দ্র এখন প্রায় বালুচর। চার মাস ধরে অবাধে পাথর লুট হওয়ায় হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য। বড়-মাঝারি পাথর উধাও হয়ে এখন শুধু গর্ত আর বালির সমারোহ। পর্যটকও কমেছে হু-হু।
জানা গেছে, দিনদুপুরেই চলেছে এই লুটপাট। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও পাথর ব্যবসায়ীদের যোগসাজশে গায়েব হয়েছে শতকরা ৮০ ভাগ পাথর। পরিবেশকর্মী ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠেছে দুর্বৃত্তরা।
পাথর উত্তোলন-বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন দলের নেতারা। বিএনপি-জামায়াতসহ নেতারা কোয়ারি চালুর পক্ষে সরব ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবেশ সংগঠন ‘ধরা’র সদস্যসচিব আবদুল করিম চৌধুরী বলেন, “প্রশাসনের ব্যর্থতায় পাথর লুট অব্যাহত। দায়ী রাজনৈতিক মহলও।”
পর্যটনকেন্দ্রটিকে আগের রূপে ফিরিয়ে আনতে লুট হওয়া পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, “এতদিন কোথায় ছিল প্রশাসন?”
প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা। নইলে সাদাপাথরের মতো গন্তব্য শুধুই স্মৃতি হয়ে থাকবে আগামী প্রজন্মের জন্য।
আপনার মতামত লিখুন :