হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ১,২৭০


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নিশ্চিত হাম ও উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু ১ হাজার ৭৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৩ জন। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

নতুন করে মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়তে থাকায় দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।