জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের প্রথম দিনে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে এটিই তারেক রহমানের প্রথম অংশগ্রহণ। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতরাশেও অংশ নেন তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে আয়োজিত স্বাগত প্রাতরাশে ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সফরসঙ্গীরা অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য বিশ্বনেতার সঙ্গে সাধারণ বিতর্কের কার্যক্রমে যোগ দেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।