ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৮৬৮


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪০৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এরপর চট্টগ্রাম বিভাগে ৩১৭, খুলনা বিভাগে ২৮০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, রাজশাহী বিভাগে ১৫৬, ময়মনসিংহ বিভাগে ১১৩, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে আটজন ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন করে রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগে উদ্বেগ রয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।