:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় গুলশানের ‘ফিরোজা’ নামে পরিচিত খালেদা জিয়ার বাসভবনে এই ফুলের তোড়া পৌঁছে দেয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম ও সরকারপ্রধানের একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ফুলের তোড়া হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা পছন্দ করেন না। তবে দলের পক্ষ থেকে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।” এর আগে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়েছিল চীনা দূতাবাস।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তবে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিনে তার জন্মদিন পালন নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। একসময় কেক কেটে জন্মদিন পালন করা হলেও গত কয়েক বছর ধরে শুধু মিলাদ-দোয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় এই আনুষ্ঠানিকতা।
খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দলের উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে খালেদা জিয়া গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।
আপনার মতামত লিখুন :