যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৬৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ১০৮.১৮ ডলারে নেমে এসেছে। এর আগের দিনও এটির দাম প্রায় ৪ শতাংশ কমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৬৭ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০.৬০ ডলারে।
মঙ্গলবার ট্রাম্প জানান, হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাচ্ছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হবে। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছে ওয়াশিংটন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার আভাস মিলেছে। ফলে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো ধীরে ধীরে চলাচল শুরু করতে পারে এবং বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সম্ভাব্য চুক্তি হলেও সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে, যা সরবরাহ পরিস্থিতিকে এখনও চাপে রাখতে পারে।
বাজার সূত্রে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত কমেছে। ১ মে শেষ হওয়া সপ্তাহে মজুত কমেছে প্রায় ৮.১ মিলিয়ন ব্যারেল। একই সময়ে পেট্রোল ও অন্যান্য জ্বালানির মজুতও উল্লেখযোগ্য হারে কমেছে, যা বৈশ্বিক বাজারে চাপ বাড়িয়েছে।
আপনার মতামত লিখুন :