বিএফআইইউ প্রধানের ‘অপপ্রচার ভিডিও’ নিয়ে তদন্ত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে এবং গভর্নরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এই ঘটনা ঘটেছে এমন সময়ে যখন শাহীনুল বিতর্কিত এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন।

দুদকের তদন্তে উঠে এসেছে, এনা পরিবহণের মালিক এনায়েত উল্লাহ বিভিন্ন রুট থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করতেন। গত নভেম্বরে বিএফআইইউ এনায়েত ও তার পরিবারের ৫০টি অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা ফ্রিজ করলেও, এপ্রিলে ব্যাংক আল-ফালাহ চারটি অ্যাকাউন্ট পুনরায় ফ্রিজ না করে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেয়। দুদক সম্প্রতি এই তথ্য পেয়ে তদন্ত শুরু করেছে। আদালত ১২০ কোটি টাকা ফ্রিজের আদেশ দিলেও অ্যাকাউন্টে মাত্র ১০১ কোটি টাকা পাওয়া গেছে, যা অনৈতিক সুবিধা প্রদানের ইঙ্গিত করে।

শাহীনুল ইসলাম ভাইরাল ভিডিওকে ‘ভুয়া ও ষড়যন্ত্র’ বলে দাবি করলেও, গত ১৪ আগস্ট থেকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ছড়ানো ভিডিও সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। উল্লেখ্য, গত বছর আগস্টে বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন। শাহীনুল ইসলাম জানুয়ারিতে নিয়োগ পান, যদিও গভর্নরের সার্চ কমিটি তার নাম সুপারিশ করেনি। অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপে তার নিয়োগ বিতর্ক সৃষ্টি করে, যা এখন নতুন সংকটে রূপ নিয়েছে।