:: নিজস্ব প্রতিবেদক ::
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২২টি শূন্যপদের বিপরীতে ৪১ হাজার ৬২৭ জন প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ফলাফল প্রকাশের ঘোষণা দেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় এই নিয়োগ সুপারিশ সম্পন্ন হয়েছে।
দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্ত সুপারিশ
এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। তবে, প্রায় ১ লক্ষ ৮২ হাজার শূন্যপদের বিপরীতে মাত্র ৬১ হাজার প্রার্থী আবেদন করেছিলেন, যাদের মধ্য থেকে বয়সসহ নানা জটিলতায় অনেকেই বাদ পড়েন। এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রেকর্ড ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করলেও, প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার এবং উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এই দীর্ঘ ধাপ অতিক্রম করেই চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
পুলিশ ভেরিফিকেশনসহ অনুমোদন
শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও চলমান থাকলেও তার ফলাফলের জন্য অপেক্ষা না করে সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে। গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এবং পরের দিন ১৮ আগস্ট শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সুপারিশ ফাইলে চূড়ান্ত অনুমোদন দেন, যা মঙ্গলবার প্রকাশ্যে আসে।
সুপারিশপ্রাপ্তরা ফলাফল যেভাবে দেখবেন
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) ভিজিট করে ‘ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্সে গিয়ে নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংক থেকে সরাসরি ফলাফল পরীক্ষা করা যাবে।
আপনার মতামত লিখুন :