নতুন ৫১৬ কমিউনিটি ক্লিনিক স্থাপন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দেশের স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়াতে নতুন করে ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা আরও ৫,০৮০টি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান বুধবার ঢাকার মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নতুন ক্লিনিকগুলো নির্মাণে আর্থিক সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। অন্যদিকে, পুরনো ক্লিনিকগুলোর মেরামত ও পুনর্নির্মাণের জন্য অর্থ দেবে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া সহজতর হবে।

আক্তারুজ্জামান ব্যাখ্যা করে বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতি ৬ হাজার মানুষ বা ৩০ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে একটি ক্লিনিক থাকার কথা ছিল। কিন্তু পাহাড়, হাওর ও চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় অনেকই ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য মাত্র একটি ক্লিনিক রয়েছে, যা চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। নতুন এই পরিকল্পনা সেই ঘাটতি পূরণে সহায়ক হবে।

নতুন ক্লিনিক স্থাপনের জন্য স্থানীয় দাতাদের কাছ থেকে জমি গ্রহণ করা হবে। আক্তারুজ্জামান জানান, যারা নোটারি করা ৩০০ টাকার স্ট্যাম্পে জমি দানের অঙ্গীকারপত্র দেবেন, তাদের আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।