জামিন পেয়েও বাইরে বের হতে পারবেন না ইমরান


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার মামলায় জামিন পেয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তার জামিন আবেদন মঞ্জুর করে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

তবে জামিন পেলেও ইমরান খান এখনই কারাগার থেকে বের হতে পারবেন না, তিনি দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত রয়েছেন। এসব মামলায় তার বিরুদ্ধে আটকাদেশ কার্যকর রয়েছে। ফলে আইনগত জটিলতার কারণে তার মুক্তি আটকে আছে।

২০২২ সালে সংসদে অনাস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর ক্ষমতায় আসা শেহবাজ শরীফ সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে। গত বছর মে মাসে তার গ্রেপ্তারের প্রতিবাদে সমর্থকরা সেনা সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। সেই ঘটনার সূত্রেই এ মামলা হয়।

ইমরান খানের পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়ের করা হয়েছে। দেশটির রাজনীতিতে চলমান এই সংঘাতের অবসান হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।