দুবাইয়ের শেখ আহমেদ বিন রাশিদের মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।

দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর জানিয়েছে। শোকের এই সময়ে সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ আহমেদ ছিলেন দুবাইয়ের শাসক পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য। তিনি প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তাঁর শাসনামলেই আধুনিক দুবাইয়ের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ব্যবসা ও ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। ব্যবসায়িক অঙ্গনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

ঘোড়দৌড়ের জগতেও শেখ আহমেদের দীর্ঘ সম্পৃক্ততা ছিল। দুবাইয়ের জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। ১৯৯১ সালে এই রেসকোর্সে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তাঁর ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাঁকে স্মরণ করেন।

শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাঁর চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শেখ আহমেদের মৃত্যুতে দুবাইয়ের শাসক পরিবার ও আমিরাতজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।