সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলের তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৪ সালে সাগর সরওয়ার এই প্লটের জন্য আবেদন করেছিলেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও আগের সরকার পরিবারটিকে প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে প্লটটির মালিকানা মেঘ ও তার দাদি সালেহা মনিরের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন। গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তে দেরির কারণে অনেক আলামত নষ্ট হয়ে গেছে, যা পিবিআইয়ের তদন্তে বাধার সৃষ্টি করছে। মেঘ প্রধান উপদেষ্টাকে নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ উপহার দেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।