রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারে ইউনূস–অ্যান্ড্রুজ বৈঠক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রোহিঙ্গা সংকটের অষ্টম বর্ষপূর্তির প্রাক্কালে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও শরণার্থী সমস্যা নিয়ে আলোচনায় বসেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অগ্রাধিকারে তুলে ধরতে ইউনূসের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেন অ্যান্ড্রুজ। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলন সংকট সমাধানে কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

আলোচনায় ড. ইউনূস সতর্ক করে দেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় শরণার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় ভয়াবহ সংকট তৈরি হচ্ছে। এ সময় তিনি টেকসই সহায়তার জন্য জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুজ স্বীকার করেন, বাংলাদেশ মানবিক দায়িত্ব পালনে উদাহরণ তৈরি করেছে। তবে রাখাইন রাজ্যে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা এখনো রাজনৈতিক জটিলতায় আটকে আছে। তবুও তিনি আশাবাদী, আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টায় একদিন এই দীর্ঘসূত্রিতা কাটবে—এবং সেই পথে বাংলাদেশের নেতৃত্বই হবে মূল চালিকাশক্তি।

উল্লেখ্য, আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সংলাপে অংশ নেবেন অ্যান্ড্রুজ, উদ্বোধন করবেন ড. ইউনূস।