কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দীন জানান, তাদের একটি দল বরিশাল থেকে তৌহিদকে গ্রেপ্তার করে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা আমাদের সহায়তায় তাকে ফজলুল হক অ্যাভিনিউ এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।”

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ অগাস্ট যাত্রাবাড়ীতে ‘জুলাই আন্দোলনে’ অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ অগাস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় নাসির উদ্দিন ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।

রোববার ঢাকার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।